মার্চ-এপ্রিল মাসে ধানের থোর ও শীষ বের হওয়ার সময় তাপমাত্রার তারতম্যের কারণে দানা সাদা হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
বিশেষ করে রাতে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং ফুল ফোটার সময় ২০ ডিগ্রির নিচে নেমে গেলে অথবা দিনে তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি হলে এ সমস্যা প্রকট হতে পারে।
কৃষি বিশেষজ্ঞরা জানান, এ পরিস্থিতিতে ধানের শীষের গোড়া বা আগায় দানা সাদা হয়ে ছিটা হওয়ার ঝুঁকি বাড়ে, যা ফলনে নেতিবাচক প্রভাব ফেলে।
এ সমস্যা প্রতিরোধে থোর অবস্থা থেকে দানা শক্ত হওয়া পর্যন্ত জমিতে পানি ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাতের তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামলে ডিপিএন (DPN) দ্রবণ স্প্রে করলে উপকার পাওয়া যেতে পারে। এ দ্রবণ তৈরি করতে ৬০ গ্রাম পটাশ, ৩০ গ্রাম সালফার ও ৩ গ্রাম চিলেটেড জিংক ১০ লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা আরও জানান, অনেক কৃষক অসাধু কীটনাশক বিক্রেতার পরামর্শে অপ্রয়োজনীয় ছত্রাকনাশক ও পিজিআর ব্যবহার করে অর্থ অপচয় করেন। এছাড়া থোর অবস্থায় ইউরিয়া সার উপরি প্রয়োগ করাও মারাত্মক ভুল হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রয়োজনীয় পরামর্শের জন্য নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: