চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডিগ্রি কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। উদ্বোধনের পর তিনি নির্মাণস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিবগঞ্জ পৌরসভার অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান শিবগঞ্জ ডিগ্রি কলেজ। ভবিষ্যতে এখানে অনার্সসহ নতুন নতুন বিষয় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. জাফর আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউসুফ আলীসহ শিক্ষকবৃন্দ। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিরা নির্মাণাধীন ভবনের স্থান পরিদর্শন করেন।
স্থানীয়দের আশা, নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে, যা শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: