[email protected] বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২

বাড়ি ফেরা হয়নি, রাবি শিক্ষার্থীদের জন্য উপহার ও গণভোজের উদ্যোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১২:০৯

সংগৃহিত ছবি

চাকরির প্রস্তুতি ও বিভিন্ন ব্যক্তিগত কারণে এবারের পবিত্র ঈদুল ফিতরে বাড়ি ফিরতে পারেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। পরিবার-পরিজন থেকে দূরে থাকা এসব শিক্ষার্থীর ঈদের আনন্দ বাড়াতে বিশেষ উপহার ও গণভোজের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু প্রতিনিধিরা।

রাকসু জিএস সালাউদ্দিন আম্মার জানান, ঈদ উপলক্ষে যারা বাড়িতে যেতে পারেনি, এমন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তাদের জন্য ঈদ উপহার হিসেবে ছাত্রদের পাঞ্জাবি এবং ছাত্রীদের জন্য থ্রি-পিসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, ঈদের দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে একটি গণভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীদের পাশে রাকসু সবসময় থাকবে। তিনি জানান, ভবিষ্যতেও ঈদসহ বিভিন্ন সময়ে দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করা হবে। এছাড়া হলে অবস্থানরত শিক্ষার্থীদের তালিকা নেওয়া হয়েছে এবং ঈদের দিন তাদের জন্য বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

চাকরির প্রস্তুতির কারণে ঈদে বাড়ি যাচ্ছেন না ইতিহাস বিভাগের শিক্ষার্থী আকাশ ইসলাম। তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারার কষ্ট থাকলেও আসন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য ক্যাম্পাসেই থাকতে হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে হল প্রভোস্ট কাউন্সিলে আলোচনা হয়েছে। ঈদের দিন সকালে প্রশাসন ও হলের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের একটি বিশেষ টিম কাজ করছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর