[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

আড়াই মাসেও অধ্যক্ষ নিয়োগ না হওয়ায় রাজশাহী নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শিক্ষার্থীদের

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ২২:০৯
আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ২২:০৪

ছবিঃ আলোকিত গৌড়

দীর্ঘ আড়াই মাস ধরে অধ্যক্ষশূন্য অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ। এতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

দাবি আদায়ে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক অধ্যক্ষ মোছাঃ মতিয়ারা খাতুন চলতি বছরের ১ ফেব্রুয়ারি অবসর গ্রহণের পর থেকে এখনো পর্যন্ত নতুন কোনো অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। এমনকি ভারপ্রাপ্ত দায়িত্বেও কাউকে নিযুক্ত করা হয়নি।

ফলে নিয়মিত ক্লাস, পরীক্ষা, রুটিন প্রকাশ, স্টাইপেন্ড প্রদান এবং শিক্ষক-কর্মচারীদের বেতনসহ প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা জানায়, তারা এর আগে একাধিকবার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ না পাওয়ায় তারা হতাশা প্রকাশ করেন।

দাবি আদায়ে গত ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা। কিন্তু তাতেও সাড়া না মেলায় আজ চূড়ান্তভাবে শাটডাউন কর্মসূচিতে ঘোষণা করেন তারা।

শাটডাউনের অংশ হিসেবে কলেজের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে।

স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অর্গানাইজেশন (SWO)-এর সভাপতি মো. রাশিদুল ইসলাম বলেন, অধ্যক্ষ নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রামিম জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সংগঠনটির সহ-প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবীব ইমন জানান, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি প্রশাসন বারবার অবহেলা করেছে। তিনি দ্রুত একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর