[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে রাবিতে রাকসুর ব্যতিক্রমী আয়োজন

আবু বকর সৈকত

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১৯:১৬

ছবি- আলোকিত গৌড়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। মেলায় ৪২টি স্টলে অংশ নিয়েছেন ৪২ জন নারী উদ্যোক্তা, যেখানে তারা নিজেদের উদ্ভাবিত ও তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত দুই দিনব্যাপী এই মেলা চলবে। নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও, মেলার সঙ্গে সম্পর্কিত দর্শনার্থীদের তোলা ১০টি ছবি বাছাই করে পুরস্কৃত করা হবে।

রাকসু'র ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, 'নারী শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের এই নারী উদ্যোক্তা মেলা। উদ্যোক্তারা এখানে স্টল দিয়েছে তারা নিজেরাই পণ্যগুলো বানিয়ে বিক্রি করে। একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার যে চেষ্টা তাতে তাদেরকে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। চ্যালেঞ্জ গ্রহণ করে নারী উদ্যোক্তারা যে কাজগুলো করছে তাতে আমরা তাদেরকে অবশ্যই মোটিভেট করব। রাকসুর মহিলা বিভাগের উদ্যোগে যে আয়োজন হয়েছে তাতে তারা মটিভেটেড হয়ে আরো কাজে উৎসাহিত হবে।'

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফছা বলেন, 'রাকসুর মহিলা বিষয়ক এবং নারী হল সংসদের উদ্যোগে এই নারী উদ্যোক্তা মেলা দুই দিনব্যাপী চলবে। সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত। রাকসু শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হিসেবে নারী শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের আগে অনেকগুলো মেলা হয়েছে কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে এমন কোন মেলা হয়নি।'

তিনি আরও বলেন, 'যে সকল নারী শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে তাদেরকে উৎসাহিত করার জন্যই আজকে আমাদের এ আয়োজন। এখানে আমাদের ৪২টা স্টলে ৪২ জন উদ্যোক্তা বসেছেন। দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকজনও এটি ভিজিট করতে পারবে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. মাঈন উদ্দিন বলেন, 'আজকের এই আয়োজনটি রাকসুর কার্যাবলীর মধ্যে একটি ব্যতিক্রম আয়োজন। ক্যাম্পাসে এ ধরনের মেলা খুব বেশি দেখা যায়না। আমরা ছাত্রদেরকে যখন আবার কথা বলি তখন বিসিএস বা অন্যান্য চাকরির কথা বলি। এর বাইরেও স্বাধীন এবং একটি বড় সেক্টর হচ্ছে উদ্যোক্তা সেক্টর। যারা উদ্যোক্তা হবে তারাই চাকরি প্রোভাইড করতে পারবে।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের কে নিয়ে যে উদ্যোক্তা মেলার আয়োজন করা হলো তা অবশ্যই শিক্ষার্থীদেরকে মোটিভেট করবে ভালো উদ্যোক্তা হতে। যারা ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছে তারা আরও বেশি ভালো করতে পারবে।'

উদ্যোক্তা মেলায় বৈরাজ্য স্টলের উদ্যোক্তা বলেন, 'রাকসুর উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা মেলা ২০২৬-এ আমি আমার বৈরজ্য স্টল কে প্রদর্শন করছি। এখানে বিভিন্ন সাহিত্যিক বই পাবেন।' এছাড়াও তিনি তার স্টলকে প্রদর্শন করতে শিক্ষার্থীদের কাছে আহ্বান জানান।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. মাঈন উদ্দিন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফছা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহানসহ রাকসুর অন্যান্য নেতৃবৃন্দরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর