ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০৩ এর ১০(১) ধারা অনুযায়ী শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ পর্যন্ত বহাল থাকবে। তবে এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই কার্যকর হবে।
উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে বলেন, “সরকার আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: