২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। এ লক্ষ্যে দেশের চারটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহের জন্য পৃথক চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্যতা, পদ্ধতি, ব্যবস্থাপনা এবং সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন জাবির প্রো-ভিসি (শিক্ষা), আইবিএ-জেইউর পরিচালক এবং আইআইটির পরিচালক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-কমিটিতে রয়েছেন প্রো-ভিসি (প্রশাসন), জীববিজ্ঞান অনুষদের ডিন, আইসিএলসির পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রক।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-কমিটিতে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন। অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-কমিটিতে রয়েছেন কলা ও মানবিকী অনুষদের ডিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তথ্য সংগ্রহের সুবিধার্থে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত জরুরি বিষয়াবলি নিয়ে একটি নমুনা প্রশ্নমালা সংশ্লিষ্ট উপ-কমিটিগুলোর কাছে পাঠানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাবির উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছিলেন, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এবার চারটি বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহে উপ-কমিটি গঠন করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: