রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব সংগঠনটির রাবি ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে মন্তব্য করেছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিবসহ রাবি ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারের বিজ্ঞপ্তিটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আহসান হাবিব লেখেন, “বহিষ্কারের হ্যাটট্রিক ট্রফি দিলেন? শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল ‘হিজরা ইউনিটে’ পরিণত হলো। গুপ্তদের মিডিয়া ট্রায়ালের চাপ সামলাতে না পারলে ছাত্রদল বিলুপ্ত করে দেন।”
তিনি আরও লেখেন, ‘সুশীল রাজনীতি দিয়ে কোনোদিন রাবি ক্যাম্পাসে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কোনো সাহসী ছেলে-মেয়ে আর এই সংগঠন করতে আসবে না। আরও ১০-১১ জনের বহিষ্কারের প্রেস রিলিজ রেডি করে রাখেন। রাবি ছাত্রদল এখন ল্যাংটা হবে। লজ্জায় মুখ দেখাতে পারবে না কেউ?’
এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “সে আবেগে পড়ে এ কথা বলছে। শিক্ষার্থীরা জানে, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া একটি সংগঠন।”
এর আগে সাংবাদিকদের মারধরের ঘটনায় আহসান হাবিবসহ দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: