[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

মুখ খুললেন রাবিতে ছাত্রদলের হামলার শিকার সাংবাদিক জাহিদুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫

ফাইল ছবি

হামলার সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হলে এর প্রভাব শুধু সাংবাদিকদের ওপর নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি, মতপ্রকাশ ও গণতান্ত্রিক পরিবেশের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের হামলার শিকার ‘আগামীর সময়’-এর রাবি প্রতিনিধি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, ‘সাংবাদিকের হাতে অস্ত্র থাকে না। থাকে ক্যামেরা, কলম ও তথ্য। সেই কলম বা ক্যামেরার জবাব যদি অস্ত্র দিয়ে দেওয়া হয়, তাহলে প্রশ্ন ওঠে কী এমন সত্য আছে, যেটি প্রকাশ হয়ে যাওয়ার ভয় এতটা প্রবল?’

তিনি আরও লিখেছেন, ‘আজ নৃশংস হামলায় আমার মাথা ফেটেছে। আগামীকাল যদি এই সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে আঘাতটা কিন্তু শুধু সাংবাদিকের মাথায় থাকবে না, আঘাত আসবে পুরো বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি, মতপ্রকাশ ও গণতান্ত্রিক পরিবেশের ওপরেই।’

জাহিদুলের ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘বায়ান্ন নিউজ’-এর রাবি প্রতিনিধি সাকিবুল হাসান লিখেছেন, ‘তুই একা না। শরীরের একবিন্দু রক্ত থাকা অবস্থায় কেউ ছাড় পাবে না। সুস্থ হ। সময় সবকিছুর জবাব দিবে।’

উল্লেখ্য, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের হামলায় চার সাংবাদিকসহ ১০ জন গুরুতর আহত হন। এ ঘটনায় জাহিদুল ইসলাম সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে। হামলায় তাঁর মাথা ফেটে যায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর