[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদল সভাপতির নিঃশর্ত ক্ষমা দাবি প্রেসক্লাবের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৫৭

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করায় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একই সঙ্গে হামলার সুষ্ঠু বিচার ও সভাপতির ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাহারুল ইসলাম তুহিন বিজ্ঞপ্তিটি পাঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর হামলায় ক্যাম্পাসের চার সাংবাদিক গুরুতর আহত হন। এ ঘটনায় তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট নয় প্রেসক্লাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্ত ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবকে সাময়িক বহিষ্কার করা হলেও ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত আহসান হাবীবের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৫ অক্টোবরের সিন্ডিকেট সভায় এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রেসক্লাব।

একই সঙ্গে আহসান হাবীবের সনদ বাতিল, হাসিবুল ইসলাম হাসিবকে স্থায়ীভাবে বহিষ্কার এবং অভিযোগের সত্যতা ও অপরাধের মাত্রা বিবেচনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ছাত্রদল সভাপতির বক্তব্যের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ভিডিও ফুটেজ থাকার পরও সুলতান আহমেদ রাহী তাঁর ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেছেন। প্রেসক্লাবের মতে, এ বক্তব্য হামলার গুরুত্ব খাটো করে দেখানোর পাশাপাশি অভিযুক্তদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হলেও সভাপতির বক্তব্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

এ ছাড়া হামলার ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বারবার হুমকি দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে প্রেসক্লাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও ছাত্রদল সভাপতি তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাননি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কট করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর