চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পাঠানপাড়া দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ১৯ দফা প্রতিশ্রুতিভিত্তিক ইশতেহার উপস্থাপন করেন।
ইশতেহারে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, নারী নিরাপত্তা ও সম্মান বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন এবং যুব ও ক্রীড়া খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি ইমাম ও মোয়াজ্জিনদের ভাতা প্রদানের বিষয়টিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া কৃষি আধুনিকায়ন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ, পরিবেশ সুরক্ষা এবং সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন খাতের উন্নয়নও ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হারুনুর রশীদ বলেন, স্থানীয় জনগণের দৈনন্দিন চাহিদা, অধিকার ও ভবিষ্যৎ সম্ভাবনার আলোকে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। তার লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করা।
তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে দাবি করেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে জয়ী হবেন। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: