মোবাইল ফোনে আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে বিপদের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১ লাখ ৩০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও ৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তা ছিল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তাররা হলেন মোছা. সুলতানা খাতুন (৪৫) ও তার স্বামী মো. মোবারক হোসেন (৫৫)। তাদের বাড়ি ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকায়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭টি Grameenphone ও ১টি Banglalink সিমকার্ডসহ মোট ৮টি সিম, ৪টি মোবাইল ফোন এবং নগদ ২১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, অভিযুক্তরা মোবাইল ফোনে আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে অসুস্থতা বা দুর্ঘটনার ভুয়া তথ্য দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করত। এ অর্থ পাঠাতে তারা bKash, Nagad ও Rocket নম্বর ব্যবহার করত।
পুলিশের বক্তব্য অনুযায়ী, তারা ভিক্ষুক ও অসহায় ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে সিমকার্ড সংগ্রহ করত এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে সেগুলো প্রতারণার কাজে ব্যবহার করত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: