চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী। এ সময় এলাকাবাসী কাজীপাড়া গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করেন।
শুক্রবার বাদ জুমা সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম-মুসল্লি এবং কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪-৫টি মাদক ব্যবসায়ী চক্র সক্রিয় রয়েছে। তাদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে। এতে এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মাঝে অভিযান চালানো হলেও পরে মাদক ব্যবসায়ীরা আবারও সক্রিয় হয়ে ওঠে।
এ সময় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এলাকাবাসী কঠোর আন্দোলন গড়ে তুলবে। পাশাপাশি দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: