[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি, সাহায্যের আবেদন

এম. হাসান

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৯:৪৮

ছবিঃ কিডনি আক্রান্ত মিম।

চাঁপাইনবাবগঞ্জে দুই কিডনি বিকল হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন মিম খাতুন (২৬) নামে এক শিক্ষার্থী। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন।

মিম খাতুন চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার ১ নম্বর কলোনির বাসিন্দা। তিনি মৃত মঈনুদ্দিনের বড় মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে এবং বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মিমের মা দুলারী বেগম একজন গৃহিণী। সংসারের খরচ চালাতে তিনি কাগজের প্যাকেট তৈরি করেন এবং বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। প্রায় ১০ বছর আগে মিমের বাবা মারা যাওয়ার পর থেকেই পরিবারের আর্থিক সংকট শুরু হয়।

পরিবারের সদস্যরা জানান, মিম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করার পর নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগে অনার্সে ভর্তি হন এবং ২০২৫ সালে অনার্স সম্পন্ন করেন। তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে চাকরি করে পরিবারের দায়িত্ব নেওয়ার। কিন্তু কিডনি রোগে আক্রান্ত হওয়ার কারণে তিনি আর মাস্টার্সে ভর্তি হতে পারেননি।

মিমের ছোট বোন বর্ষা জানান, স্থানীয়দের সহযোগিতা ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করানো হচ্ছে। চিকিৎসকদের মতে, তার বাঁচার জন্য কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। তবে এ জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা তাদের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

মিমের মা দুলারী বেগম সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের কাছে মেয়ের চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে হয়তো তার মেয়ের জীবন বাঁচানো সম্ভব।

সহায়তা পাঠানোর ঠিকানা:
অ্যাকাউন্ট নম্বর: ৪৭০২৭০৯০০১৫৫১
ব্যাংক: সোনালী ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা
মোবাইল: ০১৮৫৭২৬৫২১৪

মানবিক সহায়তাই পারে মিমের চিকিৎসা নিশ্চিত করে তাকে নতুন জীবনের আশা ফিরিয়ে দিতে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর