'নিজে নতুন পোশাক পরার আগে যদি একজন এতিমকে নতুন কাপড় পরানো যায়, তবেই ঈদের প্রকৃত আনন্দ পাওয়া যায়' এই বার্তা সামনে রেখে এতিমদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন আন নাসিহা ফাউন্ডেশন।
শনিবার (১৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটী এলাকায় অবস্থিত তারবিয়াতুল মাসাকিন ইয়াতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুর মাঝে পাঞ্জাবি, পাজামা ও টুপি ঈদ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আন নাসিহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী (আসাদ) বলেন, সমাজের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি সমাজের বিত্তবানদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ তোহরুল ইসলাম (সোহেল), মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ।
নতুন পোশাক পেয়ে এতিম শিশুরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: