চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মতিয়ারা ওরফে শিল্পী বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে।
নিহত মতিয়ারা ওরফে শিল্পী বেগম শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে। তিনি গোমস্তাপুর উপজেলার উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. হেলিম রেজার স্ত্রী। হেলিম রেজা একই এলাকার মো. ইন্তাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ ) সকাল আনুমানিক সাড়ে ৬টা থেকে সকাল ৮টার মধ্যে যে কোনো সময় স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ, নির্যাতন এবং স্বামীর বাড়ির লোকজনের প্ররোচনার জেরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে নিহত শিল্পী বেগম তার শাশুড়ি মোছাম্মৎ আকতারা বেগম (৫০)-এর শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার পর নিহতের স্বামী মো. হেলিম রেজা ও শাশুড়ি মোছাম্মৎ আকতারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মোঃ রাকিব জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: