চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে ভিজিএফের কার্ড থাকা সত্ত্বেও চাল না পাওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ধাইনগর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শেষ হয় সোমবার। কিন্তু মঙ্গলবার সকালে ভিজিএফের কার্ডধারী বেশ কিছু ব্যক্তি ইউনিয়ন পরিষদে আসেন চাল নিতে। এসে তারা জানতে পারেন আগের দিনই সব চাল বিতরণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে তারা হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। বিকাল সোয়া ৫টা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন।
স্থানীয়দের দাবি, দুই শতাধিক মানুষ চাল পাননি। তারা চেয়ারম্যানের কাছ থেকে এ বিষয়ে কোন সদুত্তরও পাননি। কাজেই তাদের ধারণা চেয়ারম্যান সুবিধাভোগিদের চাল না দিয়ে আত্মসাত করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, চাল বিতরণে কিছু অনিয়ম হওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে, কিন্তু কোনো ধরনের আত্মসাত করা হয়নি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কেন কার্ডধারীরা চাল পাননি, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০টি পরিবারের জন্য ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ ছিল।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: