চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘি আমবাগানসহ উপজেলার কয়েকটি গ্রাম এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কিছু এলাকায় স্থানীয় মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।
শুক্রবার সকাল ৮টায় ৭৬ বিঘি আমবাগানে অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। এতে শিবগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ২০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও পুরো গ্রামের মানুষ এতে অংশ নেননি।
এছাড়াও সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এলাকাতেও পৃথকভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে প্রতি বছরই কিছু মানুষ আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবারও চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় এ ধরনের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: