[email protected] সোমবার, ২৩ মার্চ ২০২৬
৮ চৈত্র ১৪৩২

নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ২০:৫৬

ছবিঃ আলোকিত গৌড়

ঈদুল ফিতর উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২২ মার্চ) দিনব্যাপী এ আয়োজনে কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীরা মিলিত হয়ে স্মৃতিচারণ, মতবিনিময় ও আনন্দঘন সময় কাটান।

অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ডেলিগেট কার্ড ও উপহার সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র‍্যালি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে তারা কলেজ জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়।

বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত উন্মুক্ত স্মৃতিচারণ পর্বে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগাভাগি করেন। পরে বিকাল ৪টা থেকে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিকাল ৪টা ৪৫ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল। স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক ও কলেজের সাবেক শিক্ষার্থী মো. মাহ্ফুজ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও সাবেক শিক্ষার্থী প্রফেসর ড. সিরাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস মানিক রায়হান, প্রো-ভিপি এডভোকেট দেলোয়ার হোসেন ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডভোকেট, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. তোজাম্মেল হক জামিল।

নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর