চাঁপাইনবাবগঞ্জে অনার্স প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সার্বিক সহায়তা নিশ্চিতে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার অন্তর্গত নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই নবাবগঞ্জ সরকারি কলেজ ও নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে দুটি হেল্প ডেস্ক পরিচালনা করে তারা। যেখানে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি লাঘব এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তামূলক সেবা দেওয়া হয়।
হেল্প ডেস্ক থেকে অভিভাবকদের বসার জন্য চেয়ার, পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য সামগ্রী নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, বিশুদ্ধ পানি বিতরণ, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং জরুরি সহযোগিতা প্রদান করা হয়। এছাড়াও দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্র খুঁজে পেতে সহায়তা করে তাঁরা।
ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব বলেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা, বিশুদ্ধ পানি সরবরাহ, বহন অনুপযোগী সামগ্রী সংরক্ষণ এবং বিলম্বিত শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর স্বপ্নপূরণের পথে সামান্য সহায়তাও অনেক বড় প্রেরণা হতে পারে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি হাসিব আলী বলেন, শিক্ষার্থীদের কল্যাণ, নৈতিক বিকাশ এবং সুন্দর শিক্ষাজীবন নিশ্চিত করতে ছাত্রশিবির সবসময় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।
উল্লেখ্য, অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: