চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নয় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম ওয়াসিম ফিরোজ।
গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মোঃ রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসাঃ জমিলা বেগম (৪০) ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জমিলা বেগমের বাড়িতে বিক্রির জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুদ করা হয়েছে । প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে চারটার দিকে পুলিশ ওই বাড়িতে হানা দিলে রাকিব ও জামিলা বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন । এসময় পুলিশ ধাওয়া করে জনৈক রাসেলের বাড়ির প্রাচীরের কাছ থেকে রাকিব ও জমিলা দম্পতিকে আটক করে ।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামী রাকিব আলীর হাতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল ও কালো পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৩,৬৫,০০০/- (তিন লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা বলে পুলিশ জানিয়েছে ।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এছাড়া উদ্ধারকৃত আলামতসহ আসামীদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: