[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

হামলার শিকার চ্যানেল ওয়ানের সাংবাদিক তারেক রহমানকে দেখতে গেলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

জাহিদুর রহমান

প্রকাশিত: ২ মে ২০২৬, ২১:৪৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমানের খোঁজখবর নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল।

শনিবার (২ মে) সন্ধ্যায় তিনি সাংবাদিক তারেক রহমানের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত সাংবাদিকসহ জেলার গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে, গত ৩০ এপ্রিল রাত আনুমানিক সোয়া ১০টার দিকে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে নিজ অফিস থেকে নেমে চা পান করার সময় অতর্কিত হামলার শিকার হন সাংবাদিক তারেক রহমান ও মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজ। হামলায় তারা গুরুতর আহত হন।

সাক্ষাৎকালে এমপি নূরুল ইসলাম বুলবুল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা যে দলেরই হোক, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও কিশোর গ্যাং লিডার রাব্বিসহ মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া হতাশাজনক।

এ ঘটনায় হামলার রাতেই সদর মডেল থানায় রাব্বিসহ দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক তারেক রহমান।

এদিকে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জেলার সাংবাদিক নেতারা। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর