[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

নাচোলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৭:২৫

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে নাচোল সাংবাদিক এসোসিয়েশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন নাচোল সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ জহরুল হক, নাচোল সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক মোঃ শাকিল রেজাসহ স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত আনুমানিক সোয়া ১০টার দিকে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে নিজ অফিস থেকে নেমে চা পান করার সময় চ্যানেল ওয়ানের সাংবাদিক তারেক রহমান ও মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজ অতর্কিত হামলার শিকার হন। এতে তারা গুরুতর আহত হন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যারা প্রতিনিয়ত সমাজের অসঙ্গতি তুলে ধরেন, সেই সাংবাদিকরাই আজ হামলার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরও তাদের গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

বক্তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এভাবে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি মেনে নেওয়া হবে না।

প্রতিবাদ সভায় নাচোল উপজেলার প্রায় সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর