চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন চত্বরসহ জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করে সাংবাদিক সমাজ।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, জেলা প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, প্রথম আলো সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, মাই টিভির সাংবাদিক তারেক আজিজ, চ্যানেল ওয়ান ও দৈনিক আমার দেশের সাংবাদিক তারেক রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ঘটনার পর পুলিশের পরিবর্তন আশা করা হলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। ঘটনার ছয় দিন পার হলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তারা আরও দাবি করেন, পুলিশের সোর্স পরিচয়ে শীর্ষ সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আটক করা হচ্ছে না।
এসময় বক্তারা ৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাব্বি ও তার সহযোগী জিনজিরা সোহেলকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। তারা অভিযোগ করেন, পুলিশ প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরপরাধ কয়েকজনকে গ্রেফতার করে ‘আইওয়াশ’ করছে।
সমাবেশ থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে শহরের বাতেন খাঁ মোড়ের একটি চায়ের দোকানে চা পানরত অবস্থায় চ্যানেল ওয়ান ও আমারদেশের সাংবাদিক তারেক রহমান এবং মাই টিভির সাংবাদিক তারেক আজিজের ওপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত মূল আসামিরা গ্রেফতার হয়নি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: