চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, চামুচা বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্তে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (Tapentadol) জব্দ করা হয়।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারি দলের সদস্যরা পালিয়ে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সকল ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: