চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেট মসজিদের দ্বিতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মসজিদের দ্বিতীয় তলার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন ক্লাবের সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক গোলাম জাকারিয়া।
অনুষ্ঠানে মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং পরে মসজিদের কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মার্কেটে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদের পরিসর বাড়ানো সময়ের দাবি হয়ে উঠেছিল। দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন হলে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায়ে আরও সুবিধা হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
এ সময় ক্লাব সুপার মার্কেট কমিটির সভাপতি, সেক্রেটারিসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও মসজিদের ইমাম, মুয়াজ্জেম ও স্থানীয় ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণ কাজের সফলতা ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: