সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে জেলার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন সংশ্লিষ্ট চারটি গুরুত্বপূর্ণ দাবিতে পৃথক ডিও লেটার প্রদান করেন তিনি।
ডিও লেটারগুলোতে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘পদ্মা এক্সপ্রেস’ ও ‘ধূমকেতু এক্সপ্রেস’ চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিতকরণ, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ, রেলওয়ের ওয়াশ ফিট ও ডকইয়ার্ড স্থাপন এবং জেলার বিভিন্ন সেতুর টোল প্রত্যাহারের দাবি তুলে ধরা হয়।
এমপি বুলবুল তার ডিও লেটারে উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জ দেশের সর্ব পশ্চিমের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা। আম, রেশম, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পর্যটনের কারণে জেলার গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করলেও সরাসরি মাত্র একটি ট্রেন থাকায় সাধারণ যাত্রীদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচলকারী ‘পদ্মা এক্সপ্রেস’ ও ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেন দুটি রাজশাহীতে এসে যাত্রা শেষ করে। ট্রেন দুটি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হলে জেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা নিরাপদ ও স্বল্প খরচে যাতায়াতের সুযোগ পাবেন। একই সঙ্গে রেলওয়ের আয়ও বৃদ্ধি পাবে।
এ ছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ওয়াশ ফিট ও ডকইয়ার্ড নির্মাণের দাবি জানান। তার মতে, পদ্মা, ধূমকেতু, কপোতাক্ষ ও বরেন্দ্র এক্সপ্রেসসহ রাজশাহী থেকে চলাচলকারী বিভিন্ন ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করতে হলে এ ধরনের অবকাঠামো জরুরি।
অপর এক ডিও লেটারে এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত প্রায় ৩৬ দশমিক ৭৪ কিলোমিটার নতুন ব্রডগেজ রেললাইন নির্মাণ এবং সেখান থেকে সরাসরি ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালুর দাবি জানান।
তিনি উল্লেখ করেন, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এই বন্দরের মাধ্যমে প্রতিবছর ভারত থেকে বিপুল পরিমাণ পাথর, কয়লা, ফলমূলসহ বিভিন্ন পণ্য আমদানি এবং বাংলাদেশি পণ্য রপ্তানি করা হয়। বর্তমানে সব ধরনের পণ্য শুধু সড়কপথে পরিবহন হওয়ায় সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।
তার মতে, নতুন রেললাইন চালু হলে পণ্য পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে, রেলওয়ের রাজস্ব বাড়বে এবং সড়কপথের ওপর চাপ কমবে। একই সঙ্গে জেলার আম, রেশমসহ কৃষিপণ্য দ্রুত ও স্বল্প খরচে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হবে। এতে স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পেও নতুন গতি আসবে।
ডিও লেটারে আরও উল্লেখ করা হয়, এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ রেলস্টেশনের মাধ্যমে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।
এছাড়াও এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) সেতুসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেতুর টোল আদায় বন্ধ করার দাবি জানান। তিনি বলেন, জেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থে এসব সেতু টোলমুক্ত করা প্রয়োজন।
সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: