দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টা থেকে ভারত থেকে পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে।
বন্দর সূত্রে জানা যায়, দুপুর ১টা পর্যন্ত অন্তত ২০টি পণ্যবাহী ট্রাক সোনামসজিদ পানামা পোর্টে প্রবেশ করেছে।
এর আগে এলসি ভ্যালু বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে টানা ১৭ দিন পাথর আমদানি বন্ধ ছিল। গত ১৯ মে উভয় দেশের আমদানি ও রফতানিকারক নেতাদের মধ্যে অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাথরের প্রতি টনের শুল্কায়ন মূল্য ১৪ ডলারে নির্ধারণ করে সমঝোতায় পৌঁছানো হয়।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, আগে প্রতি টন পাথর সর্বোচ্চ ১৩ ডলার এলসিতে আমদানি করা হতো। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ হঠাৎ করে এলসি ভ্যালু বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এর প্রতিবাদে আমদানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, “১৭ দিন পর আবারও পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। দুপুর ১টা পর্যন্ত ২০টি ট্রাক পানামা পোর্টে এসেছে।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: