চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত এক ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম ফিরোজ আলী (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিটিআই কলেজ বস্তি গ্রামের মৃত নুর নবীর ছেলে। তার মায়ের নাম মোসাঃ ফেরদৌসি বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাহাট থানার গোহালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের মোঃ এমরান হোসেন (৫৭) এর গোয়াল ঘরে গরু চুরি চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে গরু চোর সন্দেহে তাকে আটক করে। এবং উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ রক্তাক্ত ও আহত অবস্থায় ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারেক জানান, "ঘটনাটি জানতে পেরে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন সকাল ৭টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।"
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং পুরো বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: