[email protected] বুধবার, ৩ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন ২০২৬, ১৮:৪৭

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিট (সিএনবিইউ)’-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. মাহফুজ রায়হান, ডা. মো. ইস্রাফিল ইসলাম ও ডা. মোসফিকুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিট (সিএনবিইউ) রক্তের প্রয়োজনীয়তায় অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং জরুরি মুহূর্তে রক্ত সংগ্রহ ও সরবরাহে সংগঠনটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, “যখন কোনো রোগীর জন্য রক্তের প্রয়োজন হয়, তখন আমরা ব্যক্তিগত কাজ, পড়াশোনা ও পারিবারিক ব্যস্ততা উপেক্ষা করে মানবতার সেবায় রক্তদাতার সন্ধানে কাজ করি। মানবসেবামূলক এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনকে নিয়ে আয়োজিত অনলাইন পোল কনটেস্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় কয়েকজন স্বেচ্ছাসেবীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর