চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইনের চেষ্টায় সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে চারজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাকি তিনজনকে আটক করে পুলিশ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় সাতজন বাংলাদেশি ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। আটক ব্যক্তিরা সবাই রোকনপুর সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দা।
তিনি বলেন, বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেন এবং ঘটনাস্থল থেকে চারজন বাংলাদেশিকে আটক করেন। পরে ভোর ৪টার দিকে বিজিবি তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। পরবর্তীতে একই অভিযোগে আরও তিনজনকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।”
সীমান্তে এ ধরনের অনুপ্রবেশ ও পুশ-ইনের চেষ্টা রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: