চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে ফুল দিয়ে বরণ করতে গিয়ে অতিরিক্ত ভিড়ের হার্ট অ্যাটাক হয়ে মিঠু আলী নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন ) বিকেলে চাঁপাই নবাবগঞ্জ জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিঠু আলী গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ৯ মে নাচোল থানার এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় আদালত। বুধবার (১৭ জুন) তিনি জামিনে মুক্তি পান। তার মুক্তির খবরে বিকেল থেকে কারাগারের সামনে শত শত নেতাকর্মী জড়ো হন। পরে কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে বিএনপি কর্মী মিঠু আলী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চাঁপাই নবাবগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইশারুল ইসলাম তুষার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে তিনি মারা গেছেন।
এবিষয়ে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, নিহতের পরিবার যদি অভিযোগ অথবা মামলা করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: