“একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমার দেশ” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ভাদু পণ্ডিত স্কুল প্রাঙ্গণে সাফা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাফা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল স্থানীয় বাসিন্দাদের মাঝে ২০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন।
এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে আমাদের দেশ আরও সবুজ, সুন্দর ও সমৃদ্ধ হবে। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, মানবকল্যাণেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাফা ফাউন্ডেশনের সেক্রেটারি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, কার্যনির্বাহী সদস্য তোহরুল ইসলাম সোহেল, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা আব্দুল হাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কর্মসূচিতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: