[email protected] বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

হারুনুর রশীদের উদ্যোগে জেলা হাসপাতালে চালু হলো ডিজিটাল অটোমেশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ১৭:৪৭

সংগৃহিত ছবি

রোগীদের চিকিৎসাসেবা আরও দ্রুত, স্বচ্ছ ও আধুনিক করতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চালু করা হয়েছে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’। জেলা পরিষদের অর্থায়ন ও উদ্যোগে বাস্তবায়িত এ ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বুধবার (২২ জুলাই) দুপুরে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। তিনি বলেন, হাসপাতালের সব ধরনের সেবা ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, নতুন ব্যবস্থার মাধ্যমে হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রতিটি রোগীর তথ্য, রোগের ইতিহাস ও চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ড নিরাপদভাবে সংরক্ষণ করা হবে। ফলে ভবিষ্যতে চিকিৎসা প্রদান আরও সহজ ও কার্যকর হবে।

অটোমেশন সিস্টেমের আওতায় হাসপাতালের ফার্মেসিও যুক্ত হচ্ছে। এতে ওষুধ বিতরণ, মজুদের পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থাপনা সহজে পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি প্যাথলজি, এক্স-রে ও অন্যান্য পরীক্ষার ফলাফল সরাসরি সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে পৌঁছে যাবে। রোগীরাও নিজেদের রিপোর্টের কপি সহজেই সংগ্রহ করতে পারবেন।

হারুনুর রশীদ আরও বলেন, জেলা হাসপাতালে ইতোমধ্যে দুইজন নতুন চিকিৎসক পদায়ন পেয়েছেন এবং তারা শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া সার্জারিসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উদ্যোগও চলমান রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মাসিদুল হক নিখিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ডিজিটাল অটোমেশন সিস্টেম চালুর মাধ্যমে রোগীদের ভোগান্তি কমবে, সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং জেলার স্বাস্থ্যসেবায় নতুন একটি যুগের সূচনা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর