চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
শুক্রবার(২৪ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর নিকট এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাংগা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে।
এ সময় ওই ৭ জনকে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় পাওয়া যায়। পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে বিজিবির নজরদারি জোরদার রয়েছে এবং পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: