[email protected] শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

চাঁদা আদায় নিয়ে বিরোধ, ৯ ঘণ্টা পর বাস-ট্রাক চলাচল স্বাভাবিক

এম. হাসান

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬, ১৭:৩৬

ছবি- আলোকিত গৌড়

চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বন্ধ হয়ে যাওয়া বাস ও ট্রাক চলাচল ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে জেলার বিভিন্ন রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে বিকেলে কর্মবিরতি প্রত্যাহার করেন শ্রমিকরা।

শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, বিরোধ নিরসনে বৃহস্পতিবার রাত ৯টায় দুই সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দিনভর ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বাস থেকে শ্রমিকদের কল্যাণে ব্যয়ের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীদের বিরুদ্ধে এক বাসশ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় বুধবার রাতে পুলিশের তত্ত্বাবধানে দুই শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। কর্মবিরতির কারণে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে সংগঠনটির সদস্যরা পিকেটিং করে যানবাহন চলাচলে বাধা দেন।

পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে বিকেলে কর্মবিরতি প্রত্যাহার করা হলে প্রায় ৯ ঘণ্টা পর জেলার সড়কগুলোতে বাস ও ট্রাক চলাচল স্বাভাবিক হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর