চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভোলাহাট-রহনপুর সড়কের ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন উপজেলার গোহালবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত রাকিবের ছেলে। পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রহনপুরগামী সাথী এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৩৬৮) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং চালক জালাল উদ্দিন গুরুতর আহত হন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পার্শ্ববর্তী বাড়ির দেয়ালে ধাক্কা দেয়।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জালাল উদ্দিনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. তামিম তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: