চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ বোতল এস্কাফ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়া এলাকার মো. সুলতানের ছেলে মো. দুলাল (২৮) এবং একই উপজেলার সাহাপাড়া বটতলা মোড় এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. সারোয়ার জাহান ওরফে শুভ (২৩)।
ডিবি পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে মাদকসংক্রান্ত তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: