ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার অন্তর্গত নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সাথী ও ক্যাম্পাস সভাপতি আব্দুল মুত্তালিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ১১ সেপ্টেম্বর (শুক্রবার) এক যৌথ শোকবার্তায় তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল মুত্তালিবের ইন্তেকালে তারা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন দায়িত্বশীল সাথী ও ক্যাম্পাস সভাপতি হিসেবে তিনি সংগঠনের কার্যক্রমে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তাঁর বিনয়ী আচরণ, দায়িত্ব পালনে আন্তরিকতা এবং সহপাঠী ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর অকাল চলে যাওয়া পরিবার, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সহকর্মীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তাঁর ইন্তেকালে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা একজন নিবেদিতপ্রাণ সাথী ও দায়িত্বশীল কর্মীকে হারিয়েছে।
শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, “তাঁর মৃত্যুতে ছাত্রশিবির গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আরশের মালিক! আপনি এই দ্বীনের একনিষ্ঠ খাদেমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।”
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহপাঠী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: