[email protected] শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ

জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়লেও তা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিয়ে সচেতন মহলের ক্ষোভ

এম. হাসান

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৭

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহিত এই রোগ। ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

সর্বশেষ ডেঙ্গুতে এক শিবির নেতার মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে নানা প্রশ্ন ও সমালোচনামূলক মন্তব্য করছেন অনেকে।

লিটিল মাহমুদ নামে একজন তার ফেসবুক পোস্টে লিখেন, ডেংগু! চাঁপাইনবাবগঞ্জ!

এমপি, জেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন, জেলা পরিষদ, সিভিল সার্জন ও সেচ্ছাসেবী সংগঠন এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জামায়াত ও ছাত্রশিবিরের কোন পদক্ষেপ কি আছে?

মাহদী মিরাজ নামে একজন তার ফেসবুক পোস্টে লিখেন, 'চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সাম্প্রতিক সময়ে সারাদেশের মধ্যে ডেঙ্গুর হটস্পট হয়ে উঠেছে। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সব বয়সী মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। অথচ একের পর এক মৃত্যুর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না। মাসের পর মাস ময়লা-আবর্জনা পরিষ্কার না করা, যত্রতত্র বর্জ্য ফেলা এবং অপরিষ্কার ড্রেনেজ ব্যবস্থা ডেঙ্গুর ঝুঁকি আরও তীব্র আকারে বাড়িয়ে দিচ্ছে। এসব মৃত্যুর দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্তমান অর্থব প্রশাসক। জনগণের জীবন ও নাগরিক দুর্ভোগের প্রতি যদি ন্যূনতম দায়িত্বশীলতা না থাকে, তাহলে পদ আঁকড়ে থাকারও নৈতিক অধিকার কারোর নাই।পৌর প্রশাসকের কাছে দাবি অবিলম্বে জনগণের কাছে ক্ষমা চান, ব্যর্থতার দায় স্বীকার করুন এবং পদত্যাগ করুন।

জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।

এছাড়াও অনেকের ফেসবুক পোস্টের কমেন্টে অনেক মন্তব্য লক্ষ্য করা গিয়েছে। তারাও সমালোচনামূলক মন্তব্য করেছেন। 

সাধারন নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ অবহেলার শিকার হচ্ছেন। ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকট দেখা দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান ও সমন্বিত উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের দাবি, দ্রুত পৌরসভাসহ জেলার প্রতিটি এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। একই সঙ্গে আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন জেলার সাধারণ মানুষ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর