চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শেখপাড়া এলাকায় একটি এবং সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজপাড়া এলাকার নবাবের বাগানে দুটি ককটেল বিস্ফোরিত হয়। উদ্ধার করা ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ মহরী ও একই এলাকার সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিনের অনুসারীদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার বিকেলেও পাইকড়তলা মোড়ে দুই পক্ষের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এতে দুইজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তাঁদের পরিচয় ও আহত হওয়ার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: