চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের কর্মসূচিতে অংশ নেওয়া শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেছে হাইয়া আলাল ফালাহ ফাউন্ডেশন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ধাইনগর ইউনিয়নের হিজলকুমা জামে মসজিদে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোজতাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইয়া আলাল ফালাহ ফাউন্ডেশনের পরিচালক ও হিজলকুমা জামে মসজিদের ইমাম মো. আব্দুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মো. শহিদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম এবং মমতা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জের মার্কেটিং অফিসার মো. আব্দুল মোমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মো. আরাফাত আলীকে একটি রাইস কুকার, দ্বিতীয় স্থান অর্জনকারী মো. ডলারকে একটি প্রেসার কুকার এবং তৃতীয় স্থান অর্জনকারী মো. জুনাইদ আলীকে একটি গ্যাসের চুলা পুরস্কার হিসেবে দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য শিশু-কিশোরদের সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে টুপি দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। নামাজ মানুষকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশু-কিশোর ও তরুণদের মসজিদমুখী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: