[email protected] বৃহঃস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১৭:৪৯

ছবি: আলোকিত গৌড়

গোপালগঞ্জসহ দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে মিছিলটি শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির মাওলানা আবুজার গিফারী। জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আমানুল্লাহ ও মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির এবং পৌরসভা আমির অ্যাডভোকেট মো. শফিক এনায়েত উল্লাহসহ দলীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে পাঁয়তারা করছেন, তা কখনোই বাস্তবায়িত হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের জনশক্তিকে চাঙা রাখতেই শেখ হাসিনা এ ধরনের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন।

তিনি আরও বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নেবে না। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করার জন্য মাঠে নামবে।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর