রাজশাহীতে প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় ভূমিমন্ত্রী বলেন, “আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।” তার এই দৃঢ় উচ্চারণ প্রশাসনে জবাবদিহিতা ও নিরপেক্ষতার প্রত্যাশাকে আরও জোরালো করেছে। তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ, সেবামুখী মনোভাব এবং কার্যকর জনসেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রশাসন জনগণের সেবক—এই চেতনা ধারণ করেই সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূলে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা নিতে হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: