রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজার এলাকায় বার-নই নদীর তীরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আনুমানিক বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং কয়েক কোটি টাকার মালামাল রক্ষা পায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওহাটা বাজারের বিভিন্ন পর্যায়ের ময়লা-আবর্জনা দীর্ঘদিন ধরে বাজার সংলগ্ন বার-নই নদীর তীরে অবৈধভাবে ফেলা হয়। নদীর তীর ঘেঁষে অসংখ্য গোডাউন গড়ে উঠেছে, যেখানে গার্মেন্টস পণ্য, প্লাস্টিক, সার, বীজসহ বিভিন্ন ধরনের মালামাল মজুদ রাখা হয়।
স্থানীয়দের দাবি, প্রতিদিনের মতোই আবর্জনার স্তূপে আগুন দেওয়া হয়েছিল জায়গা খালি করার জন্য। তবে শুক্রবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে আশপাশের দোকান ও গোডাউনে থাকা মালামাল হুমকির মুখে পড়ে।
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে স্থানীয় দোকান ও গোডাউন মালিকরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা নদীর তীরে ময়লা ফেলা ও আবর্জনায় আগুন দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: