পঞ্চগড় সদর উপজেলায় গোলাম মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী শারমিন আক্তার সাথীর (২৯) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোস্তফা ওই গ্রামের সুজাউল হকের ছেলে।তিনি পেশায় কৃষক ও দিনমজুর। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। পরিবারের সদস্যরা জানান, ভোরে ঘুম থেকে উঠে রক্তাক্ত অবস্থায় মোস্তফাকে দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবার নিশ্চিত কিছু জানাতে পারেনি।
মোস্তফার বাবা সুজাউল হক বলেন, এ ঘটনায় আমার ছেলে তার স্ত্রীকে অভিযুক্ত করেছে। তিনি বলেন, ঘটনার পর ঘর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার করা হয়েছে।
পরিবারের সদস্যরা আরও বলেন, কয়েক মাস আগে শারমিন আক্তার সাথী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, অভিযুক্ত নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: