রাজশাহীর পবা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় পবা উপজেলার পোড়াপুকুর বাজার সংলগ্ন কবি কাজী নজরুল ইসলাম কলেজ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মো. নুরুজ্জামান। তিনি পারিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৫০ জন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। ঈদের আনন্দ থেকে যেন কোনো দরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, জনগণের পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি। এখনো সরকার গঠন করতে না পারলেও সাধারণ মানুষের অধিকার রক্ষায় অতীতের মতোই কাজ করে যাচ্ছে দলটি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ সময় বক্তব্য দেন পবা থানা জামায়াতের যুব বিভাগের সভাপতি মুস্তাক হাবিব। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক কর্তব্য। তরুণদের এ ধরনের কাজে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিয়াদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি রানা, সমাজসেবক মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: