কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসটি রেলক্রসিংয়ের ওপর উঠে পড়লে ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয় এবং প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় কবলিত ‘মামুন স্পেশাল’ বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও চাঁপাইনবাবগঞ্জে এ নামে কোনো বাস কাউন্টার রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: