[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৯:০৮

ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলায় ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ হয়ে চারদিন পর মারা গেছেন নুর আলম মাসুদ (৪৫) নামে এক ব্যক্তি।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুর আলম মাসুদ সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন এবং পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, “মাসুদ বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সক্রিয় একজন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন সমাজসেবককে হারালাম।”

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর