রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছে বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মতিহার থানার বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং ধরমপুর দক্ষিণপাড়া এলাকার আলী হাসান মো. মুজাহিদ (২২)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে রাত আনুমানিক ৯টার দিকে হৃদয় নামে এক যুবকসহ কয়েকজন তুষার নামের ওই যুবকের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। এ সময় তুষারের বাবা নাজির আলী জানান, তিনি বাড়িতে নেই। পরে অভিযুক্তরা তুষারকে পেলে কারণ বুঝতে পারবে বলে হুমকি দেয় এবং এ বিষয়ে কাউকে সুপারিশ না করার কথাও বলে।
পরদিন ১০ মে সকাল আনুমানিক ১০টার দিকে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় তুষারের বাবা মো. নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেন। মামলায় শামীম (৫৫), হৃদয় (২২), আশিক (২২), মুহিন (১৮) ও আলী হাসান মো. মুজাহিদ (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
মতিহার থানা পুলিশ মামলা রুজুর পর অভিযান চালিয়ে মামলার ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: